
এস এম সুলতান খান : হবিগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী ১১টি পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।
গতকাল রোববার (১৮ মে) দুপুরে সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- আইফোন ও অন্যান্য দামী মোবাইলের ডিসপ্লে, ভারতীয় চকলেট, কসমেটিক্স, ছাদের টালি টাইলস, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাই-সাইকেল এবং একটি ট্রাক।
বিজিবি জানায়, চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র অধীনে একাধিক অভিযানে প্রায় ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোনের ডিসপ্লে ও ভারতীয় চকলেট জব্দ করা হয়। একই সময়ে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় চালানো দুটি পৃথক অভিযানে ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স, টাইলসের আড়ালে লুকানো হিমায়িত গরুর মাংস এবং একটি ট্রাক আটক করা হয়।
এছাড়া, সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো সাতটি অভিযানে ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকার ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার এবং বাই-সাইকেল জব্দ করা হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া এই অভিযানগুলো সফল করা সম্ভব নয়। কেউ অবৈধ কার্যকলাপ বা চোরাচালানের তথ্য পেলে দ্রুত আমাদের জানাতে অনুরোধ করছি।”
বিজিবি জানিয়েছে, জব্দকৃত সব মালামাল ও যানবাহন যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply