
মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুলটিতে ৩০০ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষিকা থাকলেও নেই কোনো টয়লেট বা ওয়াশব্লক। বাধ্য হয়ে তাদের পাশের বাড়িতে যেতে হচ্ছে দৈনন্দিন প্রয়োজন মেটাতে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে স্কুলের পুরাতন ভবন ভেঙে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু এর পর থেকে এখন পর্যন্ত নির্মাণ হয়নি কোনো শৌচাগার বা ব্লগওয়াশ। উপজেলার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক থাকলেও ব্যতিক্রম রয়ে গেছে ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস বেগম বলেন, “প্রথম দিকে লজ্জায় কোনো বাড়িতে যাওয়া যেত না। এখন বাধ্য হয়ে যেতে হয়। এটি খুবই অস্বস্তিকর একটি পরিস্থিতি। আমরা আশা করছি দ্রুতই এ সমস্যার সমাধান হবে।”
দীর্ঘদিন ধরে চলা এই সংকট নিয়ে স্কুল কর্তৃপক্ষ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেছে। বিষয়টি স্বীকার করে মাধবপুর উপজেলা জনস্বাস্থ্য অফিসের উপসহকারী প্রকৌশলী তুষার পাল জানান, “বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে জুনের আগে কোনো প্রকল্পে এটি অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তারপরও বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”
এদিকে, উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, “ছয় মাস আগেও আমরা জনস্বাস্থ্য অফিসকে এ বিষয়ে অবগত করেছিলাম। তবে অস্থায়ীভাবে একটি শৌচাগার নির্মাণের কথা ছিল—তা এখন কী অবস্থায় আছে, তা জানি না।”
স্থানীয়রা বলছেন, শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একটি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার থাকা অত্যাবশ্যক। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বিঘ্ন ঘটতে পারে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply