
গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার তার সেই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে। গতকাল প্রকাশিত সর্বশেষ তালিকায় এক লাফে ২১ ধাপ এগিয়ে শান্ত উঠে এসেছেন ২৯তম স্থানে।
গল টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেছিলেন শান্ত। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার যিনি দ্বিতীয়বারের মতো এক টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়লেন। একইসঙ্গে অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া শতক করা ষোড়শ খেলোয়াড় হলেন তিনি।
শান্তর পাশাপাশি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমেরও। প্রথম ইনিংসে ১৬৩ এবং দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করে ১১ ধাপ এগিয়ে তিনি এখন ২৮তম স্থানে।
অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে ৭৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে তিন ধাপ এগিয়ে ৫৫তম স্থানে জায়গা করে নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম।
বোলারদের তালিকায় অগ্রগতি হয়েছে অফ স্পিনার নাঈম হাসান ও পেসার হাসান মাহমুদের। গল টেস্টে ৬ উইকেট নেওয়া নাঈম ৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন। আর ৩ উইকেট পাওয়া হাসান মাহমুদ ৫ ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে রয়েছেন।
শুধু বাংলাদেশি ক্রিকেটাররাই নয়, এই টেস্টে ১৮৭ রানের অসাধারণ ইনিংস খেলে শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাও এগিয়েছেন ২১ ধাপ। বর্তমানে তিনি রয়েছেন ৩১তম স্থানে।
Designed by: Sylhet Host BD