1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:55 am

কলকাতার উৎসবে আমন্ত্রণ পেল বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’

সময় ডেস্ক
  • Updated Saturday, July 19, 2025
  • 164

কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। উৎসব কর্তৃপক্ষ নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানকে ই-মেইলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দনে অনুষ্ঠিত হবে উৎসবটি। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।
উৎসবটি আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) ইস্টার্ন রিজিওন, যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৯ সালে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের নেতৃত্বে। প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এশিয়া-প্যাসিফিক সেকশনের সহযোগিতায় আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে।
চলতি বছরের উৎসবে তিনটি বিভাগে মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। নির্বাচিত সিনেমার তালিকায় রয়েছে বাংলাদেশের ‘মাস্তুল’, যেটি আগে রাশিয়ার মস্কো ও চেবক্সারির উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। আসন্ন ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে মাস্তুল।
ভাসমান জীবনের গল্প নিয়ে নির্মিত মাস্তুল সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, শিকদার মুকিত ও সিফাত বন্যা। সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে রয়েছে টঙঘর টকিজ।
শুধু কলকাতা কিংবা কাজান নয়, আগামী সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিত হতে যাওয়া ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে সেরা মানবিক সিনেমা বিভাগে মনোনয়ন পেয়েছে মাস্তুল। এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলে জানান তিনি।
মাস্তুল সিনেমাটি দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেওয়ার আগেই দেশের দর্শকদের মাস্তুল দেখাতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD