1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:55 am

সিনেমা মুক্তির খবর জানেন না নায়ক-নায়িকা ও নির্মাতা

সময় ডেস্ক
  • Updated Friday, August 8, 2025
  • 117

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘জলরঙ’ প্রথমে মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। এবার ছবিটি আসছে প্রেক্ষাগৃহে। আজ শুক্রবার দেশের সিনেমা হলে চলবে সিনেমাটি। এর আগে গত বুধবার ছবির ট্রেলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেন প্রযোজক দেলোয়ার হোসেন দিলু। তবে বিস্ময়ের ব্যাপার হলো- এই মুক্তির বিষয়ে কিছুই জানেন না ছবির নায়ক সাইমন সাদিক, নায়িকা উষ্ণ হক ও নির্মাতা কবিরুল ইসলাম রানা।
সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাইমন সাদিক জানান, সিনেমা হল তো দূরের কথা- ছবির মুক্তির খবরও তাঁর অজানা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, প্রায় এক বছর ধরে প্রবাসে রয়েছেন।
পরিচালক কবিরুল ইসলাম রানাও জানান, ‘জলরঙ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে- এই খবর তিনি পেয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে। তবে এর বাইরে আর কিছুই তিনি জানেন না। তাঁর ভাষ্য, ‘সিনেমা সেন্সর পেলে অনেক সময় প্রযোজক নিজেকে সবকিছু মনে করে। তখন পরিচালকের মতামতের আর গুরুত্ব থাকে না। আমি মনে করি, মুক্তির কমপক্ষে এক মাস আগে প্রযোজকের উচিত ছিল পরিচালক ও অভিনয়শিল্পীদের সঙ্গে বসা। কারণ, সিনেমার প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ। প্রচার ছাড়া মুক্তি ছবির ক্ষতি করে।’
বর্তমান সময়কে সিনেমা মুক্তির জন্য উপযুক্ত নয় বলেও মত দেন রানা। তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির। এই সময় সিনেমা মুক্তি দেওয়া কতটা যৌক্তিক, সেটাও ভাবা উচিত ছিল।’
শোনা যাচ্ছে, সিনেমার সঙ্গে যুক্ত অনেক শিল্পী ও কলাকুশলীর পারিশ্রমিক এখনও বকেয়া। বিষয়টি স্বীকার করে রানা বলেন, ‘আশা করি, সিনেমা মুক্তির পর প্রযোজক সেই বিষয়গুলো দেখবেন এবং শিল্পীদের পাওনা বুঝিয়ে দেবেন।’
‘জলরঙ’ প্রথমে মুক্তি পায় আইস্ক্রিন নামে ওটিটি প্ল্যাটফর্মে। তবে নির্মাতার দাবি, প্ল্যাটফর্মটি তেমন জনপ্রিয় না হওয়ায় দর্শকদের কাছে পৌঁছাতে পারেনি ছবিটি।
রানা বলেন, ‘অনুদানের সিনেমা হিসেবে নূন্যতম ২০টি হলে মুক্তি দেওয়ার নিয়ম রয়েছে। তবে আমি মনে করি না এটি কেবল নিয়ম রক্ষার মুক্তি। একজন পরিচালক সবসময় চান তাঁর সিনেমা ওটিটি, ইউটিউব, সিনেমা হল সব মাধ্যমেই পৌঁছাক দর্শকের কাছে। সেই প্রত্যাশা থেকেই এটি হলে মুক্তি পাচ্ছে।’
মুক্তি প্রসঙ্গে প্রযোজক দেলোয়ার হোসেন দিলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পাঠানো খুদে বার্তারও কোনো জবাব মেলেনি।
২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল ‘জলরঙ’। মানব পাচার নিয়ে নির্মিত এই সিনেমাটি ২০২৩ সালে সেন্সর ছাড়পত্র পায়। এরপর কোরবানির ঈদে প্রচারণা ছাড়াই ওটিটিতে মুক্তি দেওয়া হয়।
ছবিতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন উষ্ণ হক। এটি তাঁর বড় পর্দায় অভিষেক হলেও এর আগে তিনি ‘ওস্তাদ’ ও ‘সিক্রেট এজেন্ট’ নামে দুটি ছবিতে অভিনয় করলেও সেগুলো মুক্তি পায়নি। ‘জলরঙ’ দিয়ে তাঁর অভিষেক হলেও নায়িকাও সিনেমা মুক্তির খবর জানেন না। যদিও নায়িকা নিজে এখন শোবিজে অনুপস্থিত। কী করছেন, তার খবরও কারও কাছে নেই।
ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD