ক্রিকেটসহ অন্যান্য ইভেন্টের জন্য সিলেট জেলা স্টেডিয়ামই একমাত্র ভরসা। তবে মাঠের দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এর ব্যবহারযোগ্যতা ক্রমেই কমছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই মাঠ অনুপযোগী হয়ে পড়ে। ড্রেসিং রুম ও ভবনের বিভিন্ন অংশও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।
স্টেডিয়ামে থাকা একমাত্র ইনডোরটি গত বছরের ৫ আগস্ট থেকে সেনাবাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহৃত হওয়ায় প্রায় এক বছর ধরে খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ নেই। অন্যদিকে ভাঙা আসবাব, দেয়ালে জমে থাকা শেওলা, খসে পড়া প্লাস্টার আর ভাঙা কাঁচে জরাজীর্ণ চেহারা নিয়েছে ড্রেসিং রুম।
স্থানীয় খেলোয়াড় ও কোচদের অভিযোগ, ভালো মানের উইকেটের অভাব এবং ইনডোর সুবিধা না থাকায় নিয়মিত অনুশীলন ব্যাহত হচ্ছে। ফলে সিলেট থেকে জাতীয় দলে খেলোয়াড় উঠে আসা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমন পরিস্থিতিতে জেলা ক্রীড়া সংস্থা মাঠের অবকাঠামোগত সঙ্কট সমাধানে সাতটি সমস্যা চিহ্নিত করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে।
এডহক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন, ‘খেলোয়াড়দের অনুশীলনের সুবিধা নিশ্চিত করতে মাঠ ও ইনডোর অবকাঠামো সংস্কার জরুরি।’
এদিকে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, সিলেটের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
খেলোয়াড়দের জন্য নিয়মিত অনুশীলনের সুযোগ ও আধুনিক সুবিধা নিশ্চিত না হলে সিলেটের ক্রিকেটাঙ্গন ভবিষ্যতে আরও বড় সঙ্কটে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
Designed by: Sylhet Host BD