চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকায় প্রশাসনের ধারাবাহিক অভিযান ও মামলার পরও সিলিকা বালু উত্তোলন ও পাচার কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। রাতের আঁধারে নতুন কৌশলে প্রতিদিনই ৩০ থেকে ৪০টি ট্রাক্টরে বালু পাচার হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক, পাশাপাশি প্রশাসনের কঠোর পদক্ষেপের পরও পাচার না থামায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পানছড়ি এলাকার গাদাছড়া সিলিকা বালুর একটি গুরুত্বপূর্ণ উৎস। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন রুট দিয়ে পাচার করে আসছে। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে বিকল্প পথ ব্যবহার করে পাচার অব্যাহত রয়েছে। দিন এড়াতে পাচারকারীরা মূল সড়ক এড়িয়ে গ্রামীণ রাস্তাগুলোকে ব্যবহার করছে।
অভিযোগ রয়েছে, বনাঞ্চলসংলগ্ন অঞ্চল দিয়ে বালু পরিবহনের ক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তি পাচারকারীদের সহায়তা করছে। এসব রুটের মধ্যে রয়েছে রঘুনন্দন পাহাড়ের ভেতরের রাস্তা, লাদিয়া সড়ক, নিশাপট সড়ক ও শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়ক। আগে সরাসরি ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করা হলেও বর্তমানে নজরদারি এড়াতে এসব বিকল্প রুট ব্যবহারের প্রবণতা বেড়েছে।
গত এক বছরে বিপুল পরিমাণ সিলিকা বালু পাচারের মাধ্যমে কোটি টাকার পরিবেশগত ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরিবেশ সংরক্ষণ আইন ও বালুমহাল আইনে একাধিক মামলা থাকা সত্ত্বেও চক্রটি দুঃসাহসিকভাবে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে বন বিভাগ জানিয়েছে, তাদের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাহাড়ি এলাকার সড়ক ব্যবহার করে বালু পাচার বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে তারা।
এর আগে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বালু উত্তোলন ও পাচারে জড়িত অনেককে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা হয় বহু ট্রাক্টর, ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ সিলিকা বালু। জরিমানাসহ নিয়মিত মামলাও দায়ের করা হয়। সাম্প্রতিককালে স্থানীয় থানা পুলিশও আরও একটি বালুবাহী ট্রাক্টর আটক করেছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, “স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযান অবশ্যই প্রশংসনীয়। বালু পাচারকারীদের দৌরাত্ম্য রোধে অভিযান অব্যাহত রাখতে হবে এবং চিহ্নিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষা পাবে।”
Designed by: Sylhet Host BD
Leave a Reply