কামরুল হাসান সুজন : লাখাই উপজেলার মশাদিয়া গ্রামের মৃত আব্দুল হেলিম মিয়ার পুত্র বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া (৭৮) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলা পরিষদের নিকটবর্তী ভাড়া বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তাঁর ইন্তেকালের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইন্তেকালের পর মরহুমের মরদেহ স্বজনরা তাঁর গ্রামের বাড়ি উপজেলার মশাদিয়ায় নিয়ে যান। বাদ জোহর মশাদিয়া মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার আগে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিরা। এছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করে।
জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর ইন্তেকালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আল আমিন ইসলাম অনিক, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ ওয়াহেদসহ সাংবাদিক সুমন আহমেদ বিজয়, মহসিন সাদেক, কামরুল হাসান সুজন, সানি চন্দ্র বিশ্বাস, সায়েদুর রহমান ও সূর্য রায় প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply