হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল-এর সুযোগ্য সন্তান ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, “আমরা আজীবন মানুষের কল্যাণ করে যেতে চাই। দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকেই আমাদের পথচলা অব্যাহত রাখতে চাই।”
গতকাল মঙ্গলবার দুপুরে চুনারুঘাট সদর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে সায়হাম গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য সুবিধাবঞ্চিত পরিবার উপস্থিত ছিলেন।
সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম সবসময় আপনাদের পাশে থাকব। সেই অঙ্গীকার থেকেই পবিত্র রমজান মাসে আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবসেবাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “নির্বাচনী আচরণবিধির কারণে এবার শীতবস্ত্র বিতরণ করতে না পারায় আমাদের কষ্ট হয়েছে। তবে ভবিষ্যতে নিয়ম-নীতি মেনে আমরা মানবিক কার্যক্রম অব্যাহত রাখব। আপনারাই আমাদের পরিবার, আপনাদের দোয়া ও সমর্থন নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত জনপ্রতিনিধি এস. এম. ফয়সল-এর নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় মাধবপুর ও চুনারুঘাটসহ পুরো এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুধু চুনারুঘাটেই সীমাবদ্ধ নয়; মাধবপুর ও নাসিরনগর উপজেলার অসচ্ছল পরিবারের মাঝেও এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানান আয়োজকরা। রমজানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনাকে ধারণ করেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সায়হাম গ্রুপ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে, যা এলাকার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply