বানিয়াচং উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এ খাদ্য সহায়তা কর্মসূচি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাস্তবায়ন করা হয়।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ হাজার ২ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গণ মানুষের নেতা ও গরীবের ডাক্তার নামে খ্যাত আবু মনসুর ডা. সাখাওয়াত হাসান জীবন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়; এটি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারের এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চাল বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সহায়তা পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, এ ধরনের সহায়তা ঈদ উদযাপনে বাড়তি স্বস্তি এনে দেয় এবং পরিবারে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, পিআইও কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসচ্ছল পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply