লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের মধ্যে একজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রনয় কুমার সরকারের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুল্লা বাজারের দক্ষিণে ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিংহগ্রাম গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে মো. আব্দুল মোতালিব (৫০) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে একই রাতে পুলিশের উপপরিদর্শক মানিক সাহার নেতৃত্বে পূর্ব বুল্লা গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার আসামি মৃত আজম আলীর ছেলে মো. ঝুটন (৩৭) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আব্দুল মোতালিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অপর আসামি ঝুটনের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) তাদের হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply