হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকায় গত চার বছরে দেশে প্রায় ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। সম্প্রতি কেন্দ্রটির ১১০ মেগাওয়াট উৎপাদন শুরু হওয়ায় বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা অপচয় কমেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই কেন্দ্রটির উৎপাদন ১৬৫ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হবে। আর চলতি বছরের মধ্যেই পূর্ণ সক্ষমতা অনুযায়ী ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, ২০২২ সালে অগ্নিকাণ্ডের ঘটনায় কেন্দ্রটির ৩৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মেরামতের জন্য ৫০ কোটি টাকার একটি প্রকল্প বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা অনুমোদন পায়নি। পরে ২০২৩ সালে নিজস্ব অর্থায়নে মেরামত কাজ শুরু করে বিপিডিবি।
মেরামত শেষে ২০২৫ সালের মার্চ মাসে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরুর পরিকল্পনা থাকলেও তা সময়মতো সম্ভব হয়নি। অবশেষে গত ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রটি আংশিকভাবে চালু করা হয়।
এদিকে কেন্দ্রটি বন্ধ থাকলেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়েছে। এতে প্রতি ইউনিট বিদ্যুতে অতিরিক্ত প্রায় ২৫ টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবদুল মান্নান বলেন, সাধারণত প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে প্রায় ৫ টাকা খরচ হয়। কিন্তু বিকল্প ব্যবস্থায় একই বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে প্রতি ইউনিটে প্রায় ২৫ টাকা ব্যয় করতে হয়েছে।
তিনি আরও জানান, প্রকল্প অনুমোদন না পাওয়ায় গত চার বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। তবে বর্তমানে ১১০ মেগাওয়াট উৎপাদন শুরু হওয়ায় বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা অপচয় কমেছে। আগামী বছরের মধ্যে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু করে এ ব্যয় আরও কমানোর চেষ্টা চলছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply