ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেল সংকট ও মূল্যবৃদ্ধির সুযোগে সীমান্তপথে তেল পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করতে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দেওয়ায় বিশ্বব্যাপী তেলের সরবরাহ ও দামের ওপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা পাচারের ঝুঁকি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “বাজারে অস্থিরতা দেখা দিলেই কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি মজুদ কিংবা পাচারের চেষ্টা করে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেই ঝুঁকি আরও বেড়েছে।”
তিনি আরও জানান, সীমান্তে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি যেসব রুট দিয়ে জ্বালানি পাচারের শঙ্কা রয়েছে সেসব পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী সড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল পাচারসহ যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply