1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
April 27, 2026, 3:29 pm

আদি গোপাল, কলাপাতা, মধুবন ও ম্যাঙ্গো রেস্টুরেন্টকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Updated Saturday, March 7, 2026
  • 119

ভেজাল ও পোড়া তেলে ইফতার সামগ্রী তৈরি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে হবিগঞ্জ শহরের বিভিন্ন রেস্টুরেন্টে ইফতার সামগ্রী তৈরিতে ভয়াবহ অনিয়ম ও ভেজালের চিত্র ধরা পড়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে পোড়া তেল ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শহরের কয়েকটি জনপ্রিয় রেস্টুরেন্টে ইফতার সামগ্রী প্রস্তুতের পরিবেশ দেখে হতবাক হয়ে যান অভিযানে থাকা কর্মকর্তারা।
অভিযানে দেখা যায়, অনেক রেস্টুরেন্টে একই তেল বারবার ব্যবহার করা হচ্ছে, যা দীর্ঘ সময় ধরে পোড়ানো হয়েছে। এতে খাবারের মান নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া অপরিষ্কার রান্নাঘর, ময়লা-আবর্জনার পাশে খাবার প্রস্তুত, সংরক্ষণে অনিয়মসহ নানা অস্বাস্থ্যকর পরিস্থিতির চিত্রও ধরা পড়ে।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরির দায়ে কলাপাতা রেস্টুরেন্ট, মধুবন ক্যাফে, মধুবন রেস্টুরেন্ট, ম্যাঙ্গো ও আদি গোপাল নামের পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, রমজান মাসে ইফতার সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী লাভের আশায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভেজাল ও নিম্নমানের উপকরণ ব্যবহার করছেন। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।
তারা আরও জানান, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে ভবিষ্যতে এমন অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযানের খবরে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, রমজান মাসে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ নিয়মিত হওয়া প্রয়োজন।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোথাও ভেজাল বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD