1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:43 am

হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম সংলগ্ন বাইপাস সড়কে ময়লার ভাগাড়

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, June 29, 2026
  • 66

হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়াম সংলগ্ন বাইপাস সড়ক দীর্ঘদিন ধরে পৌর বর্জ্যের স্তূপে ভাগাড়ে পরিণত হয়েছে। সড়কের ওপর ও পাশে গৃহস্থালি এবং পৌরসভার বর্জ্য জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকরা। যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং মাছি-মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো এলাকা।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, বাইপাস সড়কের প্রায় ২০০ গজ এলাকাজুড়ে বিভিন্ন ধরনের বর্জ্যের বিশাল স্তূপ জমে রয়েছে। কোথাও কোথাও ময়লা সড়কের মাঝামাঝি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল হয়ে যাওয়ায় ছোট-বড় যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। বিপরীতমুখী দুটি যানবাহন একসঙ্গে পার হতে গিয়ে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের দাবি, ব্যস্ততম এই সড়কে অনেক সময় দীর্ঘক্ষণ যানবাহন আটকে থাকতে হয়।
সরেজমিনে আরও দেখা যায়, পচা বর্জ্যের তীব্র দুর্গন্ধে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছে। প্রচণ্ড রোদে দুর্গন্ধ আরও তীব্র আকার ধারণ করছে। এতে আশপাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ির বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি বর্জ্যের কারণে মাছি-মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি কোনো একদিনের সমস্যা নয়। পৌরসভার অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরেই সড়কের পাশে ও ওপর বর্জ্য ফেলে রাখা হচ্ছে। নির্ধারিত সময়ে ময়লা অপসারণ না করায় প্রতিদিনই স্তূপ বড় হচ্ছে এবং দুর্ভোগ বাড়ছে। তারা দ্রুত বর্জ্য অপসারণের পাশাপাশি স্থায়ী ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে ময়লা অপসারণে নিয়োজিত পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা জানান, বর্জ্য বহনের জন্য ব্যবহৃত কয়েকটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে ময়লা অপসারণ সম্ভব হচ্ছে না। ফলে কয়েক দিনের মধ্যেই বিপুল পরিমাণ বর্জ্য জমে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাড়িগুলো মেরামত হলে দ্রুত বর্জ্য সরিয়ে নেওয়া হবে বলে তারা জানান।
পথচারী ও যানবাহনের চালকরা বলেন, এটি হবিগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করে। কিন্তু রাস্তার ওপর ময়লার স্তূপ থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় দুর্গন্ধের কারণে মুখে রুমাল চেপে পথ চলতে হয়। জনবহুল সড়কে এভাবে ময়লা ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD