লাখাই উপজেলার বহুল আলোচিত বাচ্চু মিয়া হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গতকাল সোমবার (২৯ জুন) ভোর ৪টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ-পশ্চিম বানিয়াচং ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তি বাবুল মিয়া (৫০)। তিনি লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে। তিনি লাখাই থানায় দায়ের করা বাচ্চু মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল। এর জেরে গত ২ জুন সকালে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীরা নগদ অর্থ, স্বর্ণালংকার, চাল ও একটি মোবাইল ফোন লুট করে নেওয়ারও অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুন তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলাতক আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply