বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় ইয়াবা বহন ও সেবনের দায়ে পুটিজুরি ইউনিয়নের বাসিন্দা পপি বেগম ওরফে জনি বেগম নামে এক নারীকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার স্নানঘাট এলাকায় পরিচালিত অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় পপি বেগম ওরফে জনি বেগমের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা বহন ও সেবনের দায়ে তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযান শেষে জব্দকৃত ৪ পিস ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে বাহুবল মডেল থানার পুলিশ সদস্য ও পুটিজুরি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক বহন, সেবন কিংবা ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।”
Designed by: Sylhet Host BD
Leave a Reply