নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের ধাক্কায় আবু হানিফ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় সিএনজি গ্যাস পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ নবীগঞ্জ উপজেলার ৪ নম্বর দীঘলবাগ ইউনিয়নের রাধাপুর (জামারগাঁও) গ্রামের খালিক মিয়ার ছেলে। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি বেপরোয়া পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আবু হানিফার বুক ও পেটে গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, আবু হানিফা চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাসের টিকিট কিনতে আউশকান্দিতে এসেছিলেন। টিকিট কেনার আগেই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালের জরুরি বিভাগে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যরা বারবার কান্নায় ভেঙে পড়েন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই হানিফের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply