মাধবপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (৮ জুলাই) বিকেলে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের কাওছার মিয়ার ছেলে মো. রায়হান মিয়া (২৪)।
জানা যায়, আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় তাকে উত্ত্যক্ত করেন রায়হান মিয়া। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাকে আটক করে বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে যান। পরে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা যাচাই করে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সমাজসেবক মুক্তাকিম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আদালত অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করলে অতিরিক্ত ১ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে না। অভিযুক্ত জরিমানার অর্থ পরিশোধ করবেন বলে জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply