
হবিগঞ্জে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. আয়েশা (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গতকাল বুধবার (২২ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার নিজামপুর ইউনিয়নের বাইপাস পয়েন্টের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় দুপুরে একটি চেকপোস্ট বসায় র্যাবের একটি দল। এ সময় মাধবপুর থেকে হবিগঞ্জ শহরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে এক নারী যাত্রী বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তার কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ভেতর থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আয়েশা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কেশবপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. শাহাজাহান। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে গ্রেপ্তার নারী ও উদ্ধার করা ইয়াবা হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply