1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:33 am

পাকিস্থানেই খেলতে হবে টাইগারদের, জানিয়ে দিল পিসিবি

Reporter
  • Updated Saturday, November 30, 2019
  • 528

সময় ডেস্ক ॥ বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ অন্য কোথাও সরিয়ে নেবে না পাকিস্থান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্থানের মাটিতেই তারা আয়োজন করবে সিরিজটি। গত বুধবার ২৭ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি সাফ জানিয়ে দিয়েছে পিসিবি। পাকিস্থানের জিও নিউজ তাদের ওয়েবসাইটে পিসিবির মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে খবরটি। সফরের প্রাথমিক পরিকল্পনাও তারা পাঠিয়েছে বিসিবিকে। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, এ-সংক্রান্ত কোনো ই-মেইল তারা এখনও পাননি। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্থান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে। গত ১০ বছর সংযুক্ত আরব আমিরাতে হোম সিরিজগুলো আয়োজন করছে পাকিস্থান। তবে কিছুদিন আগে সেই শ্রীলংকা দলই পাকিস্থান থেকে টি২০ ও ওয়ানডে সিরিজ খেলে এসেছে। আগামী মাসে দুটি টেস্ট খেলতেও সেখানে যাবে তারা। শ্রীলংকার সফরের পরই নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ব্যাপারে মরিয়া হয়ে উঠেছে পিসিবি। বাংলাদেশ সফরটি ঘরের মাটিতে আয়োজনের পর পিএসএলও তারা সেখানে আয়োজন করবে বলে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছে পিসিবি। জিওর কাছে সেটাই যেন তুলে ধরেন পিসিবির এক মুখপাত্র, ‘হোম সিরিজগুলো বিদেশের মাটিতে না খেলার নীতিতে অটল আছি আমরা। বাংলাদেশের আসন্ন সফর নিয়ে প্রাথমিক পরিকল্পনার কাগজপত্র আমরা তাদের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) পাঠিয়ে দিয়েছি। ভেন্যু আর ম্যাচের সূচি এখনও ঠিক হয়নি।’ বাংলাদেশের সফরটি তারা দুটি পর্বে ভাগ করতে চাইছে। পিসিবি চাইছে, প্রথম পর্বে বাংলাদেশ পাকিস্থানে গিয়ে দুটি টেস্ট খেলবে। দ্বিতীয় পর্বে হবে তিনটি টি২০ ম্যাচ। ২০২০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সিরিজটি আয়োজন করতে চাইছে তারা। কিছুদিন আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং অনূর্ধ্ব-১৬ দলও পাকিস্থান সফর করে এসেছে। নারী ক্রিকেট দল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলেছে। আর কিশোরদের ভেন্যু ছিল রাওয়ালপিন্ডি। তারা সফরে যাওয়ার আগে বিসিবির একটি নিরাপত্তা দল পাকিস্থানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে আসে। তবে বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, বাংলাদেশ মূল দল পাকিস্থান যাওয়ার আগে আরও অনেক কিছু বিবেচনা করতে হবে। এখানে সরকারের সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। বাংলাদেশ এরই মধ্যে একটি প্রস্তাব দিয়েছে। টি২০ সিরিজটি পাকিস্থানে ও টেস্ট সিরিজটি যেন মধ্যপ্রাচ্যে আয়োজন করা হয়। তবে নারী দল ও অনূর্ধ্ব-১৬ দলের সফরকে হাতিয়ার হিসেবে দাঁড় করিয়ে এ প্রস্তাব মানতে নারাজ পিসিবি, ‘সিরিজের অর্ধেক এক জায়গায়, বাকি অর্ধেক অন্য জায়গায় আয়োজন করা সম্ভব নয়। এ বিষয়ে আসলে চিন্তা করারও সুযোগ নেই। কারণ, এতে করে পিএসএলসহ পাকিস্থানে অনুষ্ঠেয় অন্যান্য সিরিজে নেতিবাচক প্রভাব পড়বে। পিএসএলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজসহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলবেন। তাহলে জাতীয় দলের পাকিস্থাান সফরে সমস্যা কোথায়? পিসিবি মনে করে, যেহেতু তাদের (বাংলাদেশ) দুটি দল সম্প্রতি পাকিস্থান সফরে গেছে, তাই তাদের ছেলেদের দলটির এখানে আসতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’ পাকিস্থানের বিপক্ষে টেস্ট দুটি আইসিসি বিশ্বচ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ যদি টেস্ট দুটি খেলতে পাকিস্থান না যায় এবং পাকিস্থান সিরিজটি আরব আমিরাতে আয়োজন না করে, তাহলে এই সিরিজ থেকে কোনো পয়েন্ট পাবে না বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD