
সময় ডেস্ক ॥ করোনা আতঙ্কে ৪ঠা এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লীগের আসর ইংলিশ প্রিমিয়ার লীগ। পরিস্থিতির উন্নতি না হলে চলমান মৌসুম বাতিলও হতে পারে বলে ধারণা করছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। যদিও সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ফিফা সহ-সভাপতি গ্রেগ ক্লার্ক। শেষ পর্যন্ত যদি ইংলিশ প্রিমিয়ার লীগ আর মাঠে না গড়ায় সেক্ষেত্রে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাবগুলো। ব্রিটিশ জাতীয় দৈনিক দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, করোনার কারণে চলতি মৌসুমের সমাপ্তি ঘটলে প্রতিটি ক্লাবের ক্ষতি হবে ৩৭৫ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ৩৯০১ কোটি টাকা। আর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ক্ষতি হবে ৭৫০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি টাকায় যা ৭৮০২ কোটি টাকার চেয়েও বেশি। ব্রডকাস্টারদের কাছ থেকে প্রতি মৌসুমের জন্য ৩ বিলিয়ন পাউন্ড পায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। প্রিমিয়ার লীগ স্থগিত হওয়ায় চাপের মুখে অফিসিয়াল ব্রডকাস্টার স্কাই স্পোর্টস, বিটি স্পোর্টস এবং অ্যামাজন। গ্রাহকরা ইতিমধ্যে তাদের কেনা প্যাকেজগুলো ফেরত নিতে চ্যানেলগুলোর প্রতি চাপ প্রয়োগ করছে। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হলে আয়োজকরা ক্ষতির হাত থেকে রেহাই পেলেও ক্লাবগুলোর সে সুযোগ নেই। গেটমানি থেকে মোটা অঙ্কের অর্থ আয় করে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো। সবচেয়ে বেশি আয় করে ম্যানচেস্টার ইউনাইটেড। বাকি ম্যাচগুলো মাঠে না গড়ালে কিংবা দর্শকশূন্য মাঠে হলে ১০ মিলিয়ন পাউন্ড হারাবে ম্যানইউ। আর্সেনালও সমপরিমাণ অঙ্কের ক্ষতির শিকার হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply