1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:35 am

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যা বললেন রিয়াজ

Reporter
  • Updated Thursday, April 25, 2024
  • 184

সময় ডেস্ক : মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান শিল্পীরা। একসময় সাংবাদিকদরে উপর হামলা চালায় শিল্পী সমিতির সদস্যরা। যাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দশ গণমাধ্যমকর্মী।
এ ঘটনায় সাধারণ মানুষ, সাংবাদিক, দর্শকদের পাশাপাশি বিষয়টিকে ন্যক্কারজনক বলছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন একসময়ের জনপ্রিয় নায়ক রিয়াজও। মঙ্গলবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাসে দেন রিয়াজ। লিখেছেন, ‘প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে আজকে আমি লজ্জিত ও আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
প্রত্যক্ষদর্শী একাধিকজনের মতে, হামলায় নেতৃত্ব দেন শিবা শানু, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো।
ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে গণমাধ্যমকে রিয়াজ বলেন, ‘এফডিসিতে যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। যদিও এ ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন গণমাধ্যম সূত্রে এ ঘটনা সম্পর্কে জেনেছি।’
দুঃখ প্রকাশ করে রিয়াজ বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা আমাদের কাজের সঙ্গে দর্শকদের সেতুবন্ধ বা মেলবন্ধন তৈরি করে দেন। সেই সাংবাদিক ভাইদের এমন নির্মমভাবে এফডিসির অভ্যন্তরে পেটানো হয়েছে, এটা অত্যন্ত ন্যক্কারজনক একটি ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার যেসব ছবি ও ভিডিও দেখেছি, তাতে আমার খুবই খারাপ লেগেছে। এমনটা আসলে হতে পারে না। চলচ্চিত্রশিল্পী ও সন্ত্রাসীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। চলচ্চিত্রশিল্পীরা সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না।’
এই ন্যক্কারজনক ঘটনার বিচারের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এই নায়ক। তিনি বলেন, ‘আমি আহত সাংবাদিক ভাইবোনদের প্রতি ও তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। সবার সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD