
সময় ডেস্ক :: আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে নবীন প্রজন্মের ভোটারদের আকাঙ্খা বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেছেন, তাদের মেধা ও মননকে ব্যবহার করে তিনি বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চান। তিনি বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের, নতুন ভোটারদের যে আকাঙ্ক্ষা বাংলাদেশকে নিয়ে, আমরা সেই আকাঙ্ক্ষাটাই পূরণ করতে চাই। তরুণদের মেধা ও মননের আরো বিকাশ ঘটিয়ে দেশকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাই।’ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বিকেলে তার ধানমন্ডিস্থ সুধা সদনের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবান এবং কিশোরগঞ্জের জনসভায় প্রদত্ত ভাষণে একথা বলেন। নতুন ভোটার যারা এই প্রথমবারের মত ভোট দিতে যাচ্ছেন তাদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা আশা প্রকাশ করেন আগামী ৩০ ডিসেম্বর তারা নৌকা মার্কায় ভোট দেবেন। নৌকা মার্কার সঙ্গে বাংলাদেশের প্রকৃতির একটি সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা আজকে মাতৃভাষা বাংলায় কথা বলার সুযোগ পেয়েছি, দেশের স্বাধীনতা অর্জন করেছি। জনগণ যখন নৌকা মার্কায় ভোট দেয় আর আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন সত্যিকারভাবে দেশের উন্নয়ন হয়। আর উন্নয়নের ছোঁয়াটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আমরা কোন সংঘাত চাইনা শান্তি চাই উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, শান্তি না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা সবসময় এটাই চাই দেশের মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে জীবন-যাপন করবে, উন্নত হবে। নতুন প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যত গড়ে তোলা আমাদের অঙ্গীকার। কারণ তারুণ্যই শক্তি, তারুণ্যই দেবে সমৃদ্ধি। তাই আমরা তরুণদের মেধা ও মননের আরো বিকাশ ঘটিয়ে দেশকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি বলেন, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা সরকারে আসার পরে এই পার্বত্য অঞ্চলে মোবাইল ফোন চালু করেছি। বিদ্যুতের সমস্যা দূরীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে সব এলাকা এখনো আলোকিত হয়নি সেসব এলাকাও আলোকিত করে দেবে তার সরকার।শেখ হাসিনা পুনরায় ভোটের প্রসঙ্গ উল্লেখ করে ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা এবং মহাজোটের প্রার্থীদের বিজয়ী করে কিশোরগঞ্জে স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিজয়ের যে ঐতিহ্য সেই ঐতিহ্য ভোটাররা ধরে রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply