1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:33 am

শুটিং শেষ করেই সেহরি খেলেন শাকিব-পরীমনি

Reporter
  • Updated Sunday, June 21, 2015
  • 522

সময় ডেস্ক ॥ রাত ৩টায় শুটিং শেষ করেই তড়িঘড়ি সেহরি খেতে গেলেন নায়ক শাকিব খান ও নায়িকা পরীমনি। সঙ্গে ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির পুরো ইউনিট। একেই প্রথম রোজা, তাও আবার শুক্রবার বলে কথা! মিস করতে চান না কেউই। রাত ৩টা ৫ মিনিটে গানের অংশের শেষ টেক নেওয়া হয়ে যায়। আর এর সঙ্গেই শেষ হলো এস এ হক অলীক পরিচালিত ঈদের ছবি ‘আরো ভালোবাসবো তোমায়’-এর শুটিং। ছবির বড় অংশের কাজ শেষ হয়ে গিয়েছিল আগেই। শুধু দুটি গানের শুটিং বাকি ছিল। রোজা শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাওয়ায় আগামী বৃহস্পতিবার ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারবেন নির্মাতারা। এ ছবিতে নায়ক শাকিব খানকে পাওয়া যাবে তাঁর নিজের চরিত্রে। আর তাঁর বিপরীতে অভিনয় করছেন নায়িকা পরীমনি। মুক্তির অনেক আগে থেকে আলোচনার তুঙ্গে এই অভিনেত্রী। এই প্রথম কোনো ঈদে তাঁর ছবি মুক্তি পাচ্ছে। নায়িকা পরীমনি বলেন, ‘রাত ৩টায় আমাদের শুটিং শেষ করতে হয়েছে। প্রথম রোজা কিছুতেই মিস করতে চাই না। শুটিং শেষ করেই তাড়াতাড়ি সেহরি খেতে যাই। আমার দারুণ খুশি লাগছে এই ভেবে যে, ছবিটি রোজার ঈদে মুক্তি পাবে। কারণ, আজ এই ছবির ক্যামেরা ক্লোজ হলো। ঈদে এমনিতেই মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে। আর যেহেতু শাকিব ভাইয়ের সঙ্গে এই ছবি, সে কারণে প্রত্যাশা আরো বেড়ে গেছে।’ এই প্রথম শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন এস এ হক অলীক। ‘ধূমকেতু’র পর পরীর সঙ্গে এটি শাকিবের দ্বিতীয় ছবি। এতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা, ববি ও চম্পা। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান। ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD