1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:56 pm

কারামুক্তির দুদিন পরই বরখাস্ত এসআই আকবরের জামিন স্থগিত

সময় ডেস্ক
  • Updated Thursday, August 14, 2025
  • 196

সিলেটের আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই মো. আকবর হোসেন ভূঁইয়ার জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক হকের আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে আদালত এ আদেশ দেন।
এর আগে, গত ৪ আগস্ট হাইকোর্ট এসআই আকবরকে জামিন দেন। ১০ আগস্ট জামিনের আদেশ সিলেট মহানগর দায়রা জজ আদালতে পৌঁছানোর পর তার আইনজীবী জামিননামা দাখিল করেন। পরে ওই দিন সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আকবর।
পরদিন ১১ আগস্ট আকবরের মুক্তির খবর গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা। বিষয়টি নজরে এলে রাষ্ট্রপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত থেকে জামিন স্থগিত করায়। তবে ততক্ষণে আকবর মুক্ত হয়ে গেছেন।
ব্যারিস্টার নাজির আহমদ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আকবরকে অবিলম্বে গ্রেফতারের আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত ও বিমানবন্দরে রেড অ্যালার্ট জারির অনুরোধ করেন।
রায়হান হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম এ ফজল চৌধুরী জানান, জামিন স্থগিতের বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনও কোনো লিখিত নথি হাতে পাননি।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতের দিকে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। ভোররাতে তার মৃত্যু ঘটে। শুরুতে পুলিশ ‘ছিনতাইকারী’ দ্বারা মৃত্যুর দাবি করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু গণমাধ্যম ও সামাজিক চাপের মুখে ঘটনার তদন্ত শুরু হলে নির্যাতনের প্রমাণ মেলে।
রায়হানের স্ত্রী পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করলে তদন্তে উঠে আসে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ অন্যদের সংশ্লিষ্টতা। পরে আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ঘটনার প্রায় এক মাস পর, ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত এলাকা থেকে আকবরকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারপর থেকে তিনি কারাগারে ছিলেন সাম্প্রতিক জামিন ও মুক্তি পাওয়া পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD