নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে কাকুড়া-করিমপুর ও জামারগাও-রাধাপুর গ্রামের লোকজনের মধ্যে শৌলার পাড় এলাকায় এ সংঘর্ষে সাব্বির মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, টমটম ও সিএনজির ভাড়া নিয়ে গত দুই সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল। সোমবার রাতে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার সকাল ৯টার দিকে দুই গ্রামের কয়েক হাজার মানুষ মাইকিং করে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ হয়। আহতদের মধ্যে ২০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে সাব্বির মিয়া একা পড়ে গেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারে শোকের মাতম চলছে। দুই শিশু সন্তান বাবাকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছে। স্বজনদের আহাজারিতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সাবেক মেম্বার ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, “কাকুড়া করিমপুর গ্রামের লোকজন আমাদের গ্রামে হামলা চালিয়েছে এবং সাব্বিরকে পিটিয়ে হত্যা করেছে।” অন্যদিকে কাকুড়া গ্রামের মাখন মিয়া দাবি করেন, “রাধাপুর গ্রামের লোকজন আমাদের চালকদের মারধর করেছে, এর জের ধরেই এ সংঘর্ষ হয়েছে।”
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, “ঘটনার তদন্ত চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।”
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উভয় পক্ষকে শান্ত রাখার জন্য নবীগঞ্জ-বাহুবল আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শাহজাহান আলী ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সাথে আলাপ করেন এবং লাশের সুরতহাল ও ময়নাতদন্তের বিষয়ে সহযোগিতা করেন।
Designed by: Sylhet Host BD