মোহনপুর-শায়েস্তানগরে উত্তেজন
শহরের শায়েস্তানগর ও মোহনপুর এলাকার মধ্যে আবারও পরপর তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারী উদ্যোক্তা মেলায় কথা-কাটাকাটির জেরে শুরু হওয়া বিরোধ মুহূর্তেই বড় আকার ধারণ করে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শায়েস্তানগরের মহব্বত কমিউনিটি সেন্টারে কয়েকদিন ধরে নারী উদ্যোক্তা মেলা চলছে। বুধবার সন্ধ্যায় মেলায় পটকা ফোটানোকে কেন্দ্র করে দুই এলাকার তরুণদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরদিন গতকাল বৃহস্পতিবার বিকেলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ও সেনাবাহিনী আবারও হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। কিন্তু একই দিন রাত ৯টার দিকে তৃতীয় দফায় সংঘর্ষ বেঁধে যায়।
দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে শায়েস্তানগর এলাকার প্রধান সড়ক উত্তপ্ত হয়ে ওঠে। কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে এবং পুরো এলাকা নজরদারির আওতায় রয়েছে।
স্থানীয়রা জানান, শায়েস্তানগর ও মোহনপুর এলাকার মধ্যে বহুদিন ধরেই ছোট-বড় নানা ঘটনায় উত্তেজনা দেখা দেয়। প্রায়ই সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের মধ্যে স্থায়ী আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।
ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ সংঘর্ষের কারণে দোকানপাট বন্ধ করতে হয় এবং রাস্তায় চলাচল অনিরাপদ হয়ে পড়ে।
স্থানীয়রা প্রশাসনের কাছে দুই এলাকার উত্তেজনা কমাতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত কাউন্সেলিং, সচেতনতা কার্যক্রম, সম্প্রদায়ের সঙ্গে সমন্বিত সভা এবং কঠোর নজরদারি ছাড়া এ ধরনের ঘটনা কমানো কঠিন।
পুলিশ জানায়, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।