
বাহুবল প্রতিনিধি : বাহুবলে প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে অর্ধলক্ষ টাকার মরণ নেশা ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ণ গ্রামের মাদক সম্রাট শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ণ গ্রামের লন্ডন প্রবাসী হিরা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শাহজাহান মিয়া দীর্ঘদিন যাবত মরণ নেশা ইয়াবা পাচার করে আসছিলো। বৃহস্পতিবার ভোর রাতে তার দুই বন্ধু ফারুক মিয়া ও সাহাব উদ্দিনকে নিয়ে ইয়াবা পাচারের প্রস্তুতি নেয়। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই নাজমুল হোসেন একদল পুলিশ নিয়ে শাহজাহান মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় মীরেরপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৪২)কে ২০৫ পিস ইয়াবা সহ আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দানারায়ণ গ্রামের লন্ডন প্রবাসী হিরা মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৩৫) ও দক্ষিণ ভবানীপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সাহাব উদ্দিন (৩২) পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে এসআই নাজমুল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে লন্ডন প্রবাসী হিরা মিয়ার ছেলে শাহজাহান মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফারুক মিয়াকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহজাহান মিয়া ও সাহাব উদ্দিন পালিয়ে যায়। আটককৃত ফারুক মিয়া সহ ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এসময় প্রায় ৬১ হাজার পাঁচশত টাকা মূল্যের (২০৫) পিচ ইয়াবা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ফারুক মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD