1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:31 pm

ড. কামালের কাছে মনোনয়ন ফরম জমা দিলেন ড. রেজা কিবরিয়া

Reporter
  • Updated Monday, November 19, 2018
  • 511

সময় ডেস্ক :: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরীক দল গণফোরামের হয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলটির সভাপতি ড. কামাল হোসেনের কাছে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। গতকাল রোববার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে তার কাছে মনোনয়ন ফরম জমা দেন রেজা। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে তিনি নির্বাচনে অংশ নিতে চান। মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ড. রেজা কিবরিয়া সাংবাদিকদের বলেন, ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারবেন বলে তিনি মনে করেন। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ অনেকেই এ সময় সেখানে উপস্থিত ছিলেন। ড. রেজা কিবরিয়া বিগত এক-এগারোর সময়ে সংস্কারপন্থি হিসেবে আওয়ামী লীগ থেকে ছিটকে পড়েন। ২০০৮ ও ২০১৪ সালের লবিং করেও আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত শুক্রবার তিনি গণফোরামের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। রেজা কিবরিয়া বর্তমানে জাতিসংঘে কাজ করছেন এবং কম্বোডিয়া সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও কর্মরত আছেন। তার বাবা শাহ এএমএস কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন। এরপর ২০০৬ সালে রেজা কিবরিয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পান। পরে সংস্কারপন্থি দলে চলে যাওয়ায় তার পরিবর্তে ২০০৮ সালে দেওয়ান ফরিদ গাজীকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়। পরে ২০১০ সালে দেওয়ান ফরিদ গাজী মৃত্যুবরণ করলে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া নির্বাচিত হন। ২০১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির এম.এ মুনিম চৌধুরী বাবু এ আসন থেকে নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD