
জুয়েল চৌধুরী :: চুনারুঘাটে স্কুল ছাত্রী অপহরণ মামলার পলাতক আসামী সোহাগ মিয়া (১৭) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরের দিকে চুনারুঘাট থানার এসআই আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামী সোহাগ মিয়াকে গ্রেফতার করে চুনারুঘা থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃত আসামী সোহাগ মিয়া উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের কামাল মিয়ার পুত্র। পরে দুপুরের দিকে সোহাগ মিয়াকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের ইয়াছিন মিয়ার কন্যা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩) কে গত ২৯ মে রাত সাড়ে ৮টায় তার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় সোহাগ মিয়া। অপহরণের পর অপহৃতার পিতা ইয়াছিন মিয়া বাদী হয়ে গত ২৬ জুন একই উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের সোহাগ মিয়া ও তার বাবা কামাল মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে থানার এস.আই আল-আামিন অভিযান চালিয়ে গত ২৯ জুন দুপুরে অপহরণকারীর বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রী সুমি আক্তারকে উদ্ধার করে তার পিতার জিম্মায় দেন। ভিকটিম উদ্ধারের ১২ দিন পর অপহরণকারী সোহাগকে গ্রেফতার করে থানা পুলিশ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply