1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:26 pm

ইউএনওদের ক্ষমতা খর্ব করা হাইকোর্টের রায় আপিলে স্থগিত

Reporter
  • Updated Thursday, April 6, 2023
  • 141

সময় ডেস্ক : উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনও’দের একচ্ছত্র কর্তৃত্ব কেড়ে নেওয়া হাইকোর্টের রায় আগামী ৫ জুন পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। পাশাপাশি মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।
আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। গত ২৯ মার্চ উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করে রায় দেন হাইকোর্ট। এর ফলে উপজেলা পরিষদে ইউএনওদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা খর্ব হয়। উপজেলা পরিষদ আইনের ৩৩ (১) ধারায় বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন। (২) পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন, আর্থিক শৃঙ্খলা প্রতিপালন এবং বিধি মাধ্যমে নির্ধারিত অন্যান্য কার্যাবলী পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সম্পাদন করবেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রিনা পারভীন, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আহম্মেদ ও চৌদ্দগ্রাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার ২০২০ সালে ৭ ডিসেম্বর উপজেলা পরিষদ আইনের কয়েকটি ধারা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। অন্যদিকে ২০২১ সালের ১৫ জুন উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষমতা দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান এ রিট দায়ের করেন।
পরে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩ (ক) ১৩ (খ) ও ১৩ (গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়া অপর একটি বেঞ্চও পৃথক রুল জারি করেন। এরই ধারাবাহিকতায় ২৯ মার্চ রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD