
ভালো ঘুম শুধু আরামের বিষয় নয়, এটি শরীর ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, দুশ্চিন্তা ও অনিয়মিত জীবনযাত্রার কারণে অনেকেই নিয়মিত ঘুমের সমস্যায় ভোগেন। ঘুম ঠিক না হলে কর্মক্ষমতা কমে যায়, মেজাজ খারাপ থাকে এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিও বাড়ে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে ঘুমের এই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।
১. ঘুমের জন্য নির্দিষ্ট রুটিন গড়ে তুলুন : প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং জাগা শরীরের ঘুমের ছন্দ ঠিক রাখতে সাহায্য করে। এমনকি ছুটির দিনেও এই রুটিন বজায় রাখার চেষ্টা করুন। এতে করে আপনার ঘুম গভীর ও পর্যাপ্ত হবে।
২. ইলেকট্রনিক ডিভাইস এড়িয়ে চলুন : ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে ফোন, ট্যাব বা কম্পিউটার ব্যবহার বন্ধ করুন। এসব ডিভাইস থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোনকে বাধাগ্রস্ত করে, যা ঘুম আসায় সমস্যা সৃষ্টি করে।
৩. নিয়মিত ব্যায়াম করুন : প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম ঘুমের মান উন্নত করে। তবে ঘুমানোর ১-২ ঘণ্টা আগে ভারী ব্যায়াম এড়িয়ে চলাই ভালো। দিনের শেষ দিকে হালকা যোগব্যায়াম বা স্ট্রেচিং করা যেতে পারে।
৪. ক্যাফেইন সেবনে সতর্কতা : চা, কফি বা অন্যান্য ক্যাফেইনযুক্ত পানীয় ঘুমের আগে গ্রহণ করলে তা দীর্ঘ সময় শরীরে সক্রিয় থাকে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। যারা ঘুমের সমস্যায় ভোগেন, তাদের দুপুরের পর থেকে ক্যাফেইন এড়িয়ে চলা উচিত।
৫. ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করুন : শান্ত, অন্ধকার ও ঠান্ডা পরিবেশ ঘুমের জন্য সহায়ক। পরিষ্কার ও আরামদায়ক বিছানা, নরম বালিশ এবং মৃদু আলো ঘুমের পরিবেশ তৈরি করতে সাহায্য করে। অতিরিক্ত শব্দ ও উজ্জ্বল আলো থেকে দূরে থাকুন।
৬. বিছানার ব্যবহার নির্দিষ্ট রাখুন : বিছানা শুধু ঘুম এবং শারীরিক সম্পর্কের জন্য ব্যবহার করুন। এতে মস্তিষ্ক বিছানাকে ঘুমের সঙ্গে যুক্ত করে। বিছানায় বই পড়া, টিভি দেখা বা কাজ করা এড়িয়ে চলুন।
৭. মানসিক চাপ কমান : ঘুমানোর আগে দুশ্চিন্তা বা কাজের চাপ মাথা থেকে সরাতে চেষ্টা করুন। প্রয়োজন হলে নিজের চিন্তাগুলো লিখে ফেলুন। মেডিটেশন বা শিথিলতামূলক ব্যায়াম মানসিক প্রশান্তি এনে ঘুম সহজ করে।
৮. আলো নিয়ন্ত্রণ করুন : দিনের বেলায় রোদ বা প্রাকৃতিক আলোতে সময় কাটান। রাতে ঘরের আলো মৃদু করে ফেলুন। মোবাইল, টিভিতে ‘নাইট মোড’ চালু রাখুন। যারা রাতের শিফটে কাজ করেন, তাদের দিনে ঘুমানোর সময় ঘর অন্ধকার রাখতে হবে।
৯. কেবল ঘুম পেলে বিছানায় যান : ক্লান্ত না হলে বিছানায় গিয়ে এপাশ-ওপাশ করা এড়িয়ে চলুন। ঘুম না এলে উঠে অন্য কিছু করুন, যেমন—হালকা বই পড়া বা স্ট্রেচিং। যখন ঘুম পাবে, তখনই বিছানায় ফিরে আসুন।
এই সহজ নিয়মগুলো মেনে চললে ঘুমের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। মনে রাখুন, নিয়মিত ও গভীর ঘুমই সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি।
Designed by: Sylhet Host BD