
সময় ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অন্যান্য পরিষেবা বিল পরিশোধ করতে হবে। ১২ই নভেম্বরের মধ্যে এসব বিল পরিশোধে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। রিটার্নিং কর্মকর্তাদের কাছে এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সংক্রান্ত পরিপত্রে বলা হয়, মনোনয়নপত্র জমা দেয়ার সাতদিন আগে এসব বিল পরিশোধ করতে হবে। অর্থাৎ যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯শে নভেম্বর। সে হিসেবে প্রার্থী হতে হলে ১২ই নভেম্বরের মধ্যে এসব বিল পরিশোধ করতে হবে। পরিপত্রে বলা হয়, কোম্পানির পরিচালক বা ফার্মের অংশীদার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত কোনো ঋণ বা কিস্তি পরিশোধে ব্যর্থ হলেও নির্বাচনে অযোগ্য হবেন। সেখানে আরো উল্লেখ করা হয়, কৃষি কাজের জন্য গৃহীত ক্ষুদ্র কৃষিঋণ ব্যতীত মনোনয়নপত্র জমা দেয়ার তারিখের সাতদিন আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত কোনো ঋণ বা তার কোনো কিস্তি পরিশোধে খেলাপি হলে প্রার্থী হতে অযোগ্য হবেন। ইসির ঘোষিত তফসিল অনুসারে ১৯শে নভেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২শে নভেম্বর পর্যন্ত। ২৯শে নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০শে নভেম্বর।
Designed by: Sylhet Host BD
Leave a Reply