1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:34 pm

ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লি ॥ আখেরি মোনাজাত কাল

Reporter
  • Updated Saturday, January 11, 2020
  • 531

সময় ডেস্ক ॥ গতকাল বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার প্রথমদিনে গতকাল অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম জুমার জামাত। ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ এই বৃহত্তম জুমার জামাতে শরিক হন। দুপুর ১টা ৪৫ মিনিটে জুমার নামাজ শুরু হয়। জুমার নামাজের ইমামতি করেন, কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. যোবায়ের। ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে গতকাল লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বিরা পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান করেন। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব।
জুমার জামাত: ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে
অংশ নিতে ঢাকা, সাভার, গাজীপুরসহ আশেপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমায় যোগ দেন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে।
এবার ১০টার দিকে ইজতেমা মাঠ মুসল্লিদের অংশগ্রহণে পূর্ণ হয়ে যায়। ইজতেমা মাঠসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে জায়গা পেয়েছেন সেখানে পত্রিকা, চটের বস্তা, হোগলা পাটি বিছিয়ে জুমার নামাজে শরিক হন।
বয়ান করলেন: বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশেদ আলম আম বয়ান দিয়ে শুরু করেন এবারের ইজতেমা। বাদ জুমা বয়ান করেন, সৌদি আরবের মাওলানা শেখ ইউনুছ। বাদ আসর বয়ান করেন, পাকিস্তানের মাওলানা এহসান। বাদ মাগরিব বয়ান করেন, ভারতের মাওলানা আহম্মেদ লাট।
বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশ থেকে মুসল্লিদের টঙ্গীমুখী গ্রোত অব্যাহত রয়েছে। এর মধ্যে ইজতেমায় শরিক হতে দেশের বিভিন্ন জেলা থেকে এসে মাঠের কোথাও জায়গা না পেয়ে চারপাশের সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়েছে মুসল্লিরা। আয়োজকরা বলছেন, আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এ গ্রোত অব্যাহত থাকবে। তুরাগ তীর বিশাল প্রান্তরে নির্মিত পাটের চট ও লাইলন কাপড়ের প্যান্ডেল পূর্ণ হয়ে গেছে। এছাড়া ধুলায় গোটা ইজতেমা এলাকায় চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। সিটি করপোরেশন, ওয়াসা এবং ফায়ার সার্ভিসের উদ্যোগে প্রধান প্রধান সড়ক ও বিদেশি মুসল্লিদের চলাচলের পথে পানি ছিটানো হলেও তা প্রয়োজনের তুলনায় কম। একদিকে পানি ছিটিয়ে যাচ্ছে পানির গাড়ি অন্যদিকে মুহূর্তেই আবার ধুলায় ঢেকে যাচ্ছে রাস্তাগুলো। ফলে চিকিৎসা কেন্দ্রগুলোতে ভিড় করছে সর্দি, কাশি ও পেটের পীড়া নিয়ে শত শত মুসল্লি। এদিকে রাস্তায় নামাজ আদায়ের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ ছিল। জুমার নামাজে শরিক হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন জানান, জুমার নামাজ আদায় করতে আশপাশের জেলার লাখো মুসল্লি এখানে এসেছেন। জুমার নামাজ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। এই এলাকা যানজটমুক্ত রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, আগামীকাল প্রথম পর্বের মোনাজাত হবে। তার জন্য ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ মধ্যরাত থেকে টঙ্গী ব্রিজ, কামারপাড়া ব্রিজ, ভোগড়া বাইপাস, মীরের বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ইজতেমা সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফেরার সময় একই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। আমরা নাগরিকদের কাছে আশা করবো তারা যেন সু-শৃঙ্খল পরিবেশ বজায় রাখেন। রাস্তায় যে ট্রাফিক পুলিশ কাজ করবে তাদের সহযোগিতা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশ।
বিশ্ব ইজতেমার মিডিয়া নেজামের দায়িত্বে নিয়োজিত জহির ইবনে মুসলিম জানান, গতকাল বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। কাল আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।
পানির সংকট: বিশ্ব ইজতেমা ময়দানের দক্ষিণ পার্শ্বে মাসলেহাল জামাতের কামরার পাশে বেলা সাড়ে ১১টার দিকে তীব্র পানি সংকট দেখা দেয়। তাই অনেক মুসল্লির অজু, গোসল ও বাথরুম ব্যবহারে সমস্যায় পড়েন। কাপাসিয়ার এক মসজিদের ইমাম সোহরাব হোসেন বলেন, অজু করার জন্য অনেকক্ষণ যাবৎ বসে আছি। কিন্তু পানি না পাওয়ায় অজু করতে পারিনি।
বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ: ইজতেমার প্রথম পর্বে সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, চাঁদ, ইথিওপিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কিরগিজস্থান, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, কেনিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, দুবাইসহ বিশ্বের ৫১টি দেশের প্রায় ১ হাজার ৬শ’ বিদেশি মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে। বিভিন্ন ভাষা-ভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের ভিন্ন ভিন্ন তাঁবু নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা: বিশ্ব ইজতেমা উপলক্ষে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল পর্যন্ত ইজতেমাস্থল ও আশেপাশের খাবারের দোকান ও হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাদ্য পরিবেশন ও ভেজাল খাদ্য বিক্রয়ের অভিযোগে বিভিন্ন খাবারের দোকান ও হোটেল মালিকদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাসহ জরিমানা আদায় করা হয়।
ময়দানে মুসল্লির মৃত্যু: ইজতেমা আসা এ পর্যন্ত চার মুসল্লির মৃত্যু হয়েছে। এরা হলেন, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার লাখিরপাড় গ্রামের হাশেম শিকদারের ছেলে ইয়াকুব শিকদার (৭৫), সিরাজগঞ্জের কাজিপুর থানার পাটগ্রাম এলাকার আমির শেখের ছেলে খোকা মিয়া (৬০), চট্টগ্রামের পটিয়া থানার খৈগ্রাম এলাকার মোহাম্মদ আলী (৭০) ও শহিদুল ইসলাম (৬৫) তারা বার্ধক্যজনিত রোগে মারা যান। নামাজে জানাজা শেষে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
ইজতেমা আয়োজক কমিটির বক্তব্য: বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন বলেন, ময়দানে আগত লাখ লাখ মুসল্লি শান্তিপূর্ণভাবে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। কাল জোহরের পূর্বে যেকোনো সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে প্রথমপর্বের ইজতেমা শেষ হবে। ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD