
লন্ডন সংবাদদাতা : লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন শহরে বিক্ষোভ করোনা আইন লঙ্ঘন, বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে ২৩ জনকে অভিযুক্ত করেছে ব্রিটিশ পুলিশ। শুক্রবার লন্ডনসহ ব্রিটেনের কয়েকটি বড় বড় শহরে ব্ল্যাক লাইভ ম্যাটারস এবং বর্ণবাদ বিরোধী ক্যাম্পেইন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিকে মেট পুলিশের পক্ষ থেকে জানানো হয় মে মাসের ১৬ তারিখে বিক্ষোভের সময় করোনা ভাইরাস লকডাউন আইন ভঙ্গের অভিযোগে ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর বাকীদের অভিযুক্ত করা হয়েছে চলতি মাসের ১, ৬ এবং ১৩ তারিখে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ব্ল্যাক লাইভস ম্যাটার এবং বর্ণবাদ বিরোধী বিক্ষোভে শৃঙ্খলা ভংগ এবং পুলিশের উপর হামলার অভিযোগে। মেট পুলিশ আরো জানিয়েছে, গত কয়েক দিনের বিক্ষোভে অন্তত ২৭ জন পুলিশ অফিসার আহত হন। এর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস টেন ডাউনিং স্ট্রীটের সামনে একজন অফিসার ঘোড়ার উপর থেকে পড়ে আহত হন। বিশেষ করে গত ১৩ জুন বিক্ষোভে বিশৃঙ্খলার দায়ে ২শ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এরমধ্যে ১শ ২৮ জনই ফার রাইট গ্রুপের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। উল্লেখ্য গেল ২৫মে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের উপর পুলিশী হামলার প্রতিবাদ এবং হত্যার বিচারের দাবীতে শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার, ক্রমে তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপি। এর রেশ ধরে পহেলা জুন থেকে লন্ডনে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন শুরু হয় । আন্দোলনকারীরা ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ক্রীতদাস ব্যবসার সঙ্গে জড়িত ব্রিটিশ লাটদের মুর্তি উচ্ছেদ করতে শুরু করে। এর জবাব দিতে গেল ১৩ জুন রাস্তায় নেমেছিল বর্নবাদী ফার রাইট গ্রুপ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply