
সময় ডেস্ক ॥ চলতি বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে গেছে ২০২২ সালে। তবে ২০২১ টি-২০ বিশ্বকাপ সূচি অনুযায়ী আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতেই বসছে। ওই আসরের জন্য আইসিসিকে জানুয়ারির মধ্যে পাকিস্তান ক্রিকেটারদের ভিসা নিশ্চিত করতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিষয়টি পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান নিশ্চিত করেছেন। তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলতি এফটিপিতে কোন দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেছেন। এমনকি ২০২৩ আইসিসির এফটিপিতেও দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা দেখেন না তিনি।
ভিসা নিয়ে পিসিবির সিইও সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘এটা আইসিসির বিষয়। আমরা আমাদের চিন্তার বিষয় নিয়ে তাদের সঙ্গে আলাপ করেছি। বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করার কিছু নিয়ম আছে। যেমন অংশগ্রহণকারী দলগুলোকে স্বাগতিকরা ভিসা দেবে, থাকা-খাওয়া ও অনুশীলনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। পাকিস্তান ওই দলগুলোরই একটি। ভারতকে তাই আমাদের ক্রিকেটারদের ভিসা দিতেই হবে।’
ওয়াসিম খান জানিয়েছেন, ভিসা বিষয়ে তারা আইসিসির থেকে নিশ্চয়তা চেয়েছেন। সময় বেধে দিয়েছেন ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত। তাদের চাওয়া অনুযায়ী, আইসিসি বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলাপ শুরু করেছে। পাকিস্তানের ক্রিকেটার, কোচিং স্টাফ এবং কর্মকর্তারা তাই ভারতে যেতে পারবেন কিনা সে বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা পিসিবির।
ভারত-পাকিস্তানের কূটনৈতিক ঝামেলা চরমে। দুই দেশের তাই দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই। এমনকি বৈশ্বিক আসরে অংশ নেওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। গত বছর ভারতে অনুষ্ঠিত শ্যুটিং বিশ্বকাপের জন্য পাকিস্তানের শ্যুটারদের ভিসা দেওয়া হয়নি। শেষ সময়ে পাকিস্তানের ক্রিকেটারদের নিয়েও ভারত সরকার একই ‘খেলা খেলতে পারে’ বলে শঙ্কা পিসিবির। তারা তাই জানুয়ারির মধ্যেই ভিসা ঝামেলার সমাধান চান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply